শুক্রবার, ডিসেম্বর ২৫, ২০১৫

বন্ধু তোকে

ক্ষিধে পেলে স্কুলব্যাগে উঁচু হয়ে থাকা
টিফিন বক্স এখনো চোখে ভাসে,
যা আমরা ভাগ করে খেয়েছি বহুদিন।

তুই কি এখনও মাখিস জ্যোৎস্না দিয়ে
ভরদুপুর, ঝাল ঝাল চালতার আচার,
তোর সঙ্গ পেতে কত ভোর হয়েছে
মাঝরাতে।

আমাদের অভিমান হলো, ঝগড়া হলো না।
বাড়াবাড়ি রকম ইর্ষা ছিলো আশেপাশে,
কপালে ভাঁজ পরা সহপাঠীরা-
দেখা হলে অপেক্ষা করে কখনো তোর প্রসঙ্গ
তুলি কিনা, মাঝেমধ্যে দু’একজন তোর কথা
বলে আর তাদের প্রতি করুণা বেড়ে যায়।

‘একটি মেয়ে একটি ছেলের কখনো
বন্ধু হতে পারেনা’
এধারণার মৃত্যু হয়নি এখনও ।
লেবেল পাল্টে পাল্টে বেঁচে আছে
প্রাগৈতিহাসিক সব ভাবনা।

আমাদের শতবর্ষ পুরনো স্কুল
নতুন দালান নতুন রঙে সেজেছে দারুণ।
এবার শীতে বাড়ি এলে তুই চিন্তে পারবি না
কিছুই। তোকে অপেক্ষা করতে হবে বর্ষা
আসা অব্দি, পুরনো নর্দমাগুলো ঢাকনা ঠেলে
তখন পরিচয় মেলে ধরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন