শনিবার, নভেম্বর ২৮, ২০১৫

রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি ছেঁড়া চিরকূট


অনেক ভালবাসা রইলো তোমার খোঁপায় গোঁজা ফুলে,  
তোমার নোলকে রেখে দিলাম আমার উষ্ণ চুম্বন,
সন্তানদের স্কুল বাসে তুলে দিয়ে-
খাটে গড়িয়ে গড়িয়ে যখন পড়বে প্রিয় কবির বই
আমি ধূলো হয়ে জড়িয়ে থাকবো তোমায়
আর সন্ধ্যেতে যখন বেরুবে অফিস ফেরৎ স্বামীর সাথে
সান্ধ্য ভ্রমণে-
আমি তখন হাওয়া হয়ে উড়াবো, তোমার কপালের চুল
তুমি ঘুণাক্ষরেও টের পাবে না,
আমি তোমাতে জড়িয়ে আছি
কলেজ ফেরৎ রাস্তায় ফুচকা খাচ্ছিলে বান্ধবীদের সাথে,
সেই প্রথম তোমাকে দেখা

তোমার কন্ঠস্বর আমি শুনেছি দূর থেকে বহুবার
আমাদের মধ্যে কথা হয়নি,
এমনকি পরিচয়ও হয়নি সামনাসামনি
এমনকি আমি তোমায় কাছে পেতে চাইনি কখনো
অথচ, লেখকের বই থেকে বেরিয়ে তুমি হেঁটে গেছ
আমাদের বাড়ীর অন্দরে-বাহিরে
আমি ছায়ার মতো হেঁটেছি তোমার পাশে ;
সেদিনও তুমি টের পাওনি, অন্যদিনের মতো

তোমার রচয়িতাকে আমি দেখিনি কখনো
কিন্তু এক জীবনে কত আর বইতে পারা যায়
একাকী
ভালোবাসার গল্প নয়
একটি গল্প ভালোবাসার ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন