শুক্রবার, ডিসেম্বর ২৫, ২০১৫

ঘুমের ভেতর বিকট স্বপ্নের উড়াউড়ি

তুমি মারছো তুমি কাটছো
আমি নিজেকে জড়ো করলাম
তোমাদের খাবারের প্লেটে।
শেষ মাংসটুকু কামড়ে ছিঁড়ে
হাড় ছুঁড়ে দিলে
তোমার পোষ্য তা লকলকে
জিহ্ব দিয়ে চাটলো।

তুমি উঠে এসে
তাকেও মারলে তাকেও কাটলে
খাবার টেবিল ভিজে গেল
তোমাদের লকলকে জিহ্বের লালায়।

কিছু সময় বাদে কতগুলো শকুন
উড়ে এসে ঘিরে রইলো সেই
খাবার টেবিল
কিন্তু, কিছুই মুখে তুললো না।

একটা সময় মর্গের গাড়ী এলো
বেওয়ারিশ লাশের মতো
তোমাদের দেহ নিয়ে গেল
কালো ধোঁয়ায় ঢেকে গেল রাস্তা।

কতগুলো কাক তারস্বরে চিৎকার
করে এলোমেলো উড়লো আকাশে
তারপর উড়ে চলে গেল
উত্তরদিকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন