শুক্রবার, ডিসেম্বর ০৪, ২০১৫

শূণ্যজমি থেকে তোমাকে

অন্ধকার আবশ্যক আলোকের,
যতই অমিল থাকুক।
খোলস পাল্টে যায় শুধু
নিজের তাগিদে।
এসব নূতন কথা নয়।

আমরা কেবল বাড়িয়ে চলেছি-
বারুদের স্তূপ, আমাদেরই বিরুদ্ধে।
আর বর্জ্যে ডেকে ফেলছি চারপাশ ;
দিনশেষে একান্তে কঁকিয়ে উঠছে বুক।
এসব নূতন কথা নয়।

তুমি, আমি ভাবছি আজ যা লেখা হলো
সবই নতুন, ইতিহাস।
নিজেকে ভুলিয়ে রাখা, নিজেকে ধাঁধাঁয়
জড়ানো এসবও পুরোনো চাষাবাদ।
এসব নূতন কথা নয়।

বাজার ধরে রাখতে আমরা নষ্ট করতে
শিখে গেছি, অপরিমেয় খাদ্য !
আধেক পৃথিবী অভুক্ত,
আধেক পৃথিবী গৃহহীন...
এসব নূতন কথা নয়।

কে কাকে দোষ দেবে,
কে কার চুলকাবে পিঠ,
গন্ডি এঁকে ঘুরপাকও অনেক হলো,
নিজেকে বাঁচাতে নিজেই ভারাক্রান্ত।
এসব নূতন কথা নয়।

ঘুম থেকে জেগে ওঠা
আর প্রতিটি সূর্য্যোদয়
আমাদের বিপরীতে অবস্থান করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন