শনিবার, ডিসেম্বর ০৫, ২০১৫

একটি বিশেষ বিজ্ঞপ্তি

বৃষ্টি হলে ভিজতে হবে
অনেকদিন জ্বর হয় না
কোনো কথা শুনবো না
জ্বর নেই তবু জিহ্বে বিস্বাদ
রুচি ফেরাতে এই শীতে
পাখি তোর সাথে তুমুল
কথা কাটাকুটি হবে
পাহাড় চূড়ায় কমলা ক্ষেতে।

ঝগড়া করতে খোলা মাঠে
যাওয়া জরুরী
বসতি এলাকায় শীত বৃষ্টি
দেরিতে আসে।
বৃষ্টির কখনো জ্বর হয় না
জ্বর, আমাদের হয় শুধু !

এবার শীতে রাস্তায় আগুন
ঘিরে রাতের কুন্ডলী দেখতে
পেলে আম-জনতার দীর্ঘশ্বাস
তোমারও জ্বর তুলে দেব
হে নগর প্রভু,
বিনা-নোটিশে।
জনতার জিহ্বের বিস্বাদে
চাপা পরার আগে
নিজেকে সজাগ রাখা জরুরী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন