সোমবার, সেপ্টেম্বর ২১, ২০১৫

কনফেশান

ব্যার্থতার ইতিহাস লিখি আমি
বৃক্ক তোমার সইতে পারলো না
অন্ধকার লিখবার আগে আমার
আয়ুষ্কাল তুমি ধারণ কর পিতা


হে পাহাড় তুমি জেগে থাক অনন্ত
বাঘের বাচ্চাগুলো তোমার টোলে
বেত খাক্, শুশ্রষা পেয়ে বাড়ুক
বেঁচে উঠুক ডুবন্ত সব মৌল স্বপ্ন

ভূমি, প্রেমে যতো কম্পন উঠুক
বিশ্বাস যতই টাল খাক্ দোলকে
তোমার পদচ্ছাপে পা গলানোর
প্রয়াস থেকে যোজন দূরত্বে আমি

আর কখনো লিখবো না তোমায়
টাকার প্রয়োজন, দ্রুত পাঠিয়ে
প্রণাম নিও।

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০১৫

একটি বিশেষ ঘোষণা

বাবুদের চোখে ঢাঁই করা নানা ধরণের সিঁড়ি
একটি নামিয়ে এনে 
চল চেপে ধরি আকাশে 
ঈশ্বর নেমে এলে আজ পায়ে জুড়ে দেবো 
আইটেম সঙ্, ডিজে তোলরে ঝড় 
সব চিক্ মারা শরীর থেকে ঝরিয়ে দেবো 
নুন, দেখি কতদূর যেতে পারে প্ররোচক 

রাজপথ থেকে সমস্ত সতর্কী বার্তা নামিয়ে ফেলো
বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ভরে দাও ক্ষয়রাতির হা-মুখ, 
পুলিশ তুমিও সাপ্তাহিক ছুটি দাবি রাখো, 
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল 
একটি দিন পাহারা দিক সমস্ত অস্ত্রাগার  থানা, 
ট্রাফিক তুমি তুলে নাও সমস্ত সিগন্যাল, দেখো 
ভিআইপি কিকরে কঁকিয়ে কঁকিয়ে পার হয় 
স্মার্ট সিটির পথ খিস্তির ভান্ড উগরে দিয়ে 

আমাদের নুন আর ভাতের চিন্তা কোনোদিনই ফুরোবে না
আমাদের স্বাস্হ্য, শিক্ষা, বাসস্হানের সুরাহা করতে হারিয়ে
ফেলেছে যারা যৌবন তাদের গাল বেয়ে নেমে 
আসছে আজ ইলিশে তেল আর আমাদের বুক চিরে
দেখা হচ্ছে দলীয় পতাকার রং কতটা উজ্জ্বল, 
তাদের পায়েও কষে বেঁধে দাও ঘুঙুর, ডিজে তোমার 
জাদু হাতে তোলরে ঝড়
আজ সব চিক্ মারা শরীর থেকে ঝরিয়ে দেবো নুন 

সংরক্ষিত বনাঞ্চল যতই প্ররোচিত করুক।

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০১৫

ওগো দু:খ জাগানিয়া

ঘুমিয়ে থাকলে সব শান্ততল্লাট জুড়ে 
সবাই জানে একথা। 
জানে নাঘুম ও জাগরণের মাঝে
চোখে কি করে ভিড়ে ভিড়ে থাকে
অগাধ অমলিন সব স্বপ্ন 

পাড়াতুতো এক নেতা ফাঁদ পেতে টুকে নেয়
ভুলভাল আর ফিরি করতে
বেড়িয়ে পরে পুরাতন পথ ধরে ধরে 
জানে নাতাকে দেয়া হয়েছে শুধু
সামান্য বহন ক্ষমতা 

একেবারে ঘুমিয়ে পরার আগে 
তোমায় চুমু খেতে চাই, 
একথা বুজিয়ে ফেলা দীঘির জলে
লিখে ভাসিয়ে দিলে আগরতলা শহর
কেঁপে কেঁপে ঢুকে পরে খাঁচায় খাঁচায়।

পাহাড়ের জলে অবিরাম কলকল অমল ধ্বনি
সমতলে লেপে থাকে সমূহ পতন ও কান্না।

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০১৫

চলো কাটাকুটি খেলি

আমি যা আমি তাই
তুমি যা তুমি তাই
মাঝে কেন উঁকি দেয়
মানবিক কান্না?

জীবিতরা কোথায় পেলো
এই অনুনাসিক স্বর?

আনবিক খাঁচায় কে রাঁধে
কে ছড়ায় গন্ধ
আমার মতো
তোমার মতো?

ছায়ার শরীর জানে
আলোর দূরত্ব।

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০১৫

অ-সুখ

পাহাড় ধরে রেখেছে বলে মুছে যায়নি, আমাদের সবুজ
পাহাড় ধরে রেখেছে বলে ভেঙে পরেনি, আমাদের আকাশ
নীচের গোপন কারসাজি, গোপন ফাঁদ, যতই দীর্ঘতা পাক।

তেষট্টি বছর শুধু ঋণ করে গেছে মূর্খ ও তার সভাসদরা
আর বাড়িয়ে তুলেছে অক্ষমতার গ্লানি। ওদের পালিশ মুখ,
বিপুল সঞ্চয়, চৌর্য্য প্রতিভা, যোজনার বরাদ্দে উজ্জ্বল।

কাকে তুমি বিশ্বাস করবে আর কাকে তুমি নেবে পাশে
বাজারে সব বিক্রি হতে বসে আছে ; গোটাকয়েক নচ্ছার
ছাড়া কে শোনে মাটির কান্না, আর অসুখী হয়?

পাহাড় ধরে রেখেছে বলে মুছে যায়নি, আমাদের সবুজ
পাহাড় ধরে রেখেছে বলে ভেঙে পরেনি, আমাদের আকাশ।